নোবিপ্রবি’র লক্ষ্য কিউএস র‍্যাংকিং

২৫ ফেব্রুয়ারি, ২০২০ ২০:২৩  
বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মান সূচকে নিজেদের অবস্থান তৈরিতে সক্রিয় হয়ে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)। সেই লক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কিউএস বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং শীর্ষক সেমিনার। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের মান ভিত্তিক কিউএস, টাইম্‌স হাইয়ার এডুকেশন (THE), একাডেমিক সাংহাই, ওয়েবমেট্রিক ইত্যাদি সূচক পদ্ধতির ওপর আলোকপাত করা হয়। বিশ্বজুড়ে কিউএস র‍্যাংকিং পদ্ধতি সবচেয়ে বেশি জনপ্রিয় ও কার্যকর হওয়ায় এই মান পদ্ধতির সূচক গুলো কিভাবে পূরণ করা যায় সে বিষয়ে আলোচনা করেন বক্তারা। এসময় বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, গবেষণা বৃদ্ধি, গবেষণা পত্র প্রকাশ এবং গবেষণায় আন্তঃ বিভাগীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়ামে রিসার্চ সেলের সহকারী পরিচালক ড. জামীউদ্দিনের সঞ্চালনায় শুরু হওয়া সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদারুল আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আবুল হোসেন। নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ও গবেষক ড. মির্জা হাসানুজ্জামান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌহিদ ভুঁইয়া। উক্ত সেমিনারে বক্তৃতায় বক্তারা বলেন এটি একটি ব্যাতিক্রমধর্মী ও গুরুত্বপূর্ণ সেমিনার। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। ডিজিটেক/নোবিপ্রবি থেকে রুহুল আমিন রাহিদ